কুষ্টিয়ায় বিএনপি নেতার রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
সাইদুর রহমান,দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের আসবাবপত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, শরীফ উদ্দীন জুয়েলের কর্মসূচির ব্যানারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামালের ক্ষয়ক্ষতি হয়।
তবে স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, ঘটনাটি রাজনৈতিক প্রতিপক্ষের কেউ ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম বলেন, “আমার রাজনৈতিক কার্যালয়ে পরিকল্পিতভাবে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর আগেও আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছি।”
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কখনোই এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডকে সমর্থন করে না।”
দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “বিএনপির একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































